[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

ফ্লাইট বন্ধে আটকা হাজারো যাত্রী, খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:৫৬

সংগৃহিত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রবাসী শ্রমিক এবং ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তা কার্যক্রম তদারকি করেন।

এসময় সংবাদ সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন বলে জানান মন্ত্রী। তিনি আশ্বাস দেন, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া ওমানের মাস্কাটগামী ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসে ফ্লাইট বাতিলের কারণে আটকা পড়েন। তাদের হোটেলে পাঠিয়ে সেহরির ব্যবস্থাও করা হয়েছে। রোববার তাদের সিলেটে পৌঁছে দিতে এসি বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর