[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ক্রিকেটের আইনে বড় পরিবর্তন আনল এমসিসি, কার্যকর ১ অক্টোবর থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯

ফাইল ছবি

ক্রিকেটের আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নতুন আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ সংশোধনী ও ভাষাগত কিছু হালনাগাদ যুক্ত করা হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক ম্যাচে এসব আইন প্রয়োগের আগে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। তবে ঘরোয়া ক্রিকেটে নতুন আইন কার্যকর করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করবে।

নতুন আইনে দিনের শেষ ওভারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন দিনের শেষ ওভারে উইকেট পড়লেও পুরো ওভার শেষ করতে হবে এবং নতুন ব্যাটার মাঠে নেমে তাৎক্ষণিকভাবে খেলা শুরু করবেন। এর ফলে ব্যাটিং দল যেন অযথা সুবিধা না পায় এবং ম্যাচের নাটকীয়তা বজায় থাকে—সেই লক্ষ্যেই এই নিয়ম করা হয়েছে।

বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল স্পর্শ করলে তা একবারের বেশি করা যাবে না। এরপর ক্যাচ সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে।

প্রাপ্তবয়স্ক ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি। সংস্থাটির মতে, এই ব্যাট তুলনামূলকভাবে কম দামী এবং এতে অতিরিক্ত পারফরম্যান্স সুবিধা পাওয়া যায় না।

হিটউইকেট আউটের সংজ্ঞায়ও স্পষ্টতা আনা হয়েছে। ব্যাটার শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়ে গেলে তাকে হিটউইকেট আউট ধরা হবে। তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্প ভাঙলে সেটিকে হিটউইকেট হিসেবে গণ্য করা হবে না। এছাড়া ব্যাট হাত থেকে ছুটে স্টাম্পে লাগলে ব্যাটার আউট হবেন, তবে ব্যাট আগে অন্য কোনো খেলোয়াড় স্পর্শ করলে সে ক্ষেত্রে আউট হবে না।

ওভারথ্রো সংক্রান্ত নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, স্টাম্প লক্ষ্য করে ছোড়া বলকে ওভারথ্রো হিসেবে বিবেচনা করা হবে। বল থামানোর চেষ্টা বা ফিল্ডারের কাছে বল পাঠাতে গিয়ে মিস হলে সেটি মিসফিল্ড হিসেবে গণ্য হবে। পাশাপাশি, ডেড বল ঘোষণা করা বাধ্যতামূলক নয়; প্রয়োজনে আম্পায়ার মাঠে বলকে ডেড ঘোষণা করতে পারবেন।

নতুন আইনে আরও বলা হয়েছে, ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক আর ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার দিতে পারবেন না।

এ বিষয়ে এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট বলেন, ক্রিকেট একটি দ্রুত পরিবর্তনশীল খেলা। ১৭৮৭ সাল থেকে প্রবর্তিত আইনগুলোকে আধুনিক ক্রিকেটের সঙ্গে আরও মানানসই ও অন্তর্ভুক্তিমূলক করাই এমসিসির মূল লক্ষ্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর