[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

আইসিসি-এসিসিতে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নতুন অ্যাডহক কমিটি তামিম ইকবাল-এর নেতৃত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর সভা ও কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। পাশাপাশি আইসিসির পরামর্শ অনুযায়ী বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও (সিইও) প্রতিনিধিত্ব করার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তামিম জানান, অ্যাডহক কমিটির সদস্যরা ইচ্ছেমতো গণমাধ্যমে কথা বলবেন না। বোর্ডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরি।

সংবাদ সম্মেলনে তানজিল চৌধুরি জানান, বোর্ডের ব্যাংক সিগনেটরি সংক্রান্ত নিয়মিত কার্যক্রম চালু রাখতে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট গ্রুপে থাকবেন সিইও ও হেড অব ফাইন্যান্স, আর বোর্ড বা অ্যাডহক কমিটির পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন সভাপতি ও ফাইন্যান্স কমিটির প্রধান।

তিনি আরও বলেন, আইসিসি ও এসিসিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী বোর্ড সভাপতিই অংশ নেন, সেই অনুযায়ী তামিম ইকবালকে মনোনীত করা হয়েছে। এছাড়া আইসিসির পরামর্শে সিইওকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তানজিল জানান, অ্যাডহক কমিটি গঠন নিয়ে আইসিসির কোনো আপত্তি নেই। নতুন কমিটি ইতোমধ্যে ঘরের মাঠে আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে। আগামী সোমবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

সভায় লিগ্যাল কাউন্সিল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পরবর্তী সভা আগামী বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর