[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

একযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সভাপতিসহ সদস্যদের পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২১:২৫

ফাইল ছবি

শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিতর্কিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশেষ বৈঠকে প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে একটি সূত্র জানিয়েছে। আগামীকাল বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। তবে এরপর বোর্ড পরিচালনায় কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ক্রিকেট বোর্ডে নতুন প্রশাসন গঠনের আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন শাম্মি সিলভা। এর আগেই সরকার তার পদত্যাগের জন্য চাপ দিচ্ছিল বলে জানা গেছে।

মার্চের শুরু থেকে খেলোয়াড়দের নানা অভিযোগ এবং জাতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে সিলভাকে অপসারণের চিন্তাভাবনা চলছিল। সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীনভাবে এসএলসি পরিচালনার জন্য ইতোমধ্যে নতুন ব্যক্তিদের নামও চূড়ান্ত করেছে সরকার।

২০১৯ সালে সদস্য ক্লাবগুলোর ভোটে প্রথমবার এসএলসি সভাপতি নির্বাচিত হন শাম্মি সিলভা। এরপর ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। ২০২৫ সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও গ্রহণ করেন।

এদিকে এই পদত্যাগের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী তাকে অপসারণ করলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। পরে আদালতের রায়ে পুনর্বহাল হন শাম্মি সিলভা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর