মিরপুর টেস্ট জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। এর মধ্য দিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
সিলেট টেস্টের পঞ্চম দিনের শুরুতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র তিন উইকেট। অন্যদিকে পাকিস্তানের দরকার ছিল আরও ১২০ রান। চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান।
পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রিজওয়ান। তবে সহজ সেই ক্যাচ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ।
জীবন পাওয়ার পর রিজওয়ান ও সাজিদ খান ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলেন। অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখাতে থাকেন পাকিস্তানকে।
তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।
এরপর দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ৭৮ রানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ও হোয়াইটওয়াশের কীর্তি গড়ল টাইগাররা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: