[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোমস্তাপুরে সাবেক-বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা ও সংবর্ধনা

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২ জুন ২০২৬, ১৯:০১

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃতিসন্তান সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার, প্রবীণ ক্রীড়া সংগঠক ফারুক হোসেন বাবলু, ক্রীড়া ব্যক্তিত্ব অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম ও সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ অনেকে।

এসময় বক্তব্য রাখেন অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ও রহনপুরের কৃতি ফুটবলার ইউসুফ আলী, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত ও বাদশা, জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ইব্রাহিম খলিল প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার সারোয়ার জাহান সেলিম, ক্রীড়া শিক্ষক মাসুদ, সাবেক ফুটবলার তহিদুজ্জামান বাবু, শিক্ষক জিকেন ও ক্রীড়া সংগঠক মহিবুল্লাহসহ অনেকে।

বক্তারা রহনপুরে একটি স্টেডিয়াম নির্মাণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার, সুইমিং পুল ও জিম স্থাপন, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, “ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, প্রতিবছর গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং মাঠ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠান শেষে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইউসুফ আলী ও জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ চারজন সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়। একইসঙ্গে চারটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট এবং ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর