[email protected] শুক্রবার, ১২ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৪০

ফাইল ছবি

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠছে আজ। একই সঙ্গে তিনটি দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ঘটনাও এবারই প্রথম।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২০১০ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। নতুন ফরম্যাটে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬টি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ১৩টি করে ম্যাচ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। এই মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি Pelé ও Diego Maradona। ১৯৭০ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল এবং ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল এই মাঠে। ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ও হয়েছিল এখানেই।

এবারের আসরে নজর থাকবে বেশ কয়েকজন তারকা ফুটবলারের দিকে। চোট কাটিয়ে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছেন Neymar। প্রস্তুতি ম্যাচে গোল করে ফিটনেসের বার্তা দিয়েছেন Lionel Messi। অন্যদিকে নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছেন Cristiano Ronaldo। আলোচনায় রয়েছেন Kylian Mbappé, Lamine Yamal, Erling Haaland এবং Harry Kane।

বিশ্বকাপে এবার একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। বদলি খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠে প্রবেশ করতে হবে এবং বদলি হওয়া খেলোয়াড়কে নিকটবর্তী সীমানা দিয়ে মাঠ ছাড়তে হবে। থ্রো-ইন নিতে অযথা দেরি করলে প্রতিপক্ষকে বল দেওয়া হবে। এছাড়া ভিএআরের ব্যবহারে নতুন কিছু সংযোজন আনা হয়েছে, যার মধ্যে কর্নার কিক ও দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগও রাখা হয়েছে।

তবে বিশ্বকাপ শুরুর আগেই কিছু বিতর্ক দেখা দিয়েছে। টিকিটের উচ্চ মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সমর্থক। এছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ভোগান্তির অভিযোগও উঠেছে।

সব বিতর্ক ছাপিয়ে আজ রাত থেকেই ফুটবল উন্মাদনায় মেতে উঠবে বিশ্ব। প্রিয় দলের জার্সি ও পতাকা হাতে কোটি কোটি সমর্থক অপেক্ষা করছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের রোমাঞ্চ উপভোগ করার জন্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর