৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জয়ের দেখা পেল স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্টিভ ক্লার্কের দল।
রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৮তম মিনিটে।
চে অ্যাডামসের নেওয়া শক্তিশালী শট হাইতির গোলরক্ষক প্রথমে প্রতিহত করলেও ফিরতি বল পেয়ে যান জন ম্যাকগিন। সুযোগটি কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে স্কটল্যান্ডকে এগিয়ে দেন তিনি।
গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে স্কটিশরা। তবে সমতায় ফেরার জন্য হাইতিও বেশ কয়েকটি আক্রমণ সাজায়। বিশেষ করে মাঝমাঠে ভালো দাপট দেখায় লাতিন আমেরিকার দেশটি। বল দখল এবং আক্রমণের সংখ্যাতেও তারা স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হাইতি।
অন্যদিকে স্কটল্যান্ডের রক্ষণভাগও ছিল বেশ সংগঠিত। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের দলটি।
এর আগে ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপপর্বে কোনো ম্যাচ জিততে পারেনি স্কটল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এটি স্কটিশদের পঞ্চম জয় এবং ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জয়।
জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের দৌড়ে ভালো অবস্থানে চলে গেছে স্কটল্যান্ড। আর হাইতিকে অপেক্ষা করতে হবে তাদের প্রথম পয়েন্টের জন্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: