[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১৩:০০

সংগৃহিত ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ তুরস্ককে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ ডি-র ম্যাচে কার্যকর কাউন্টার অ্যাটাক ও দৃঢ় রক্ষণভাগের নৈপুণ্যে তুরস্ককে ২-০ গোলে পরাজিত করেছে তারা।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। আর্দা গুলের, কেনান ইলদিজ ও হাকান চালহানোগ্লুর নেতৃত্বে একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষক প্যাট্রিক বিচের দৃঢ়তায় গোলের দেখা পায়নি দলটি।

উল্টো ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর রক্ষণ সামলে দ্রুত কাউন্টার অ্যাটাকের কৌশলে খেলতে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তারা। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ কয়েকটি অসাধারণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তার পারফরম্যান্স ম্যাচের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচের ৭৫তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। দূরপাল্লার শক্তিশালী শটে তুরস্কের গোলরক্ষক মের্ত গুনক চাকিরকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

শেষ দিকে তুরস্ক আক্রমণের তীব্রতা বাড়ালেও অস্ট্রেলিয়ার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। বিশেষ করে উঁচু বলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা ছিলেন দাপুটে।

এই জয়ে গ্রুপ ডি-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া। এর আগে একই গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয়। ফলে গ্রুপ ডি-তে প্রতিযোগিতা আরও জমে উঠেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর