বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে প্রথম ম্যাচ শেষে সমীকরণ পুরোপুরি পরিষ্কার না হলেও সুবিধাজনক অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে লিওনেল স্কালোনির দল।
সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। তাদের গোল ব্যবধান প্লাস ২, যেখানে আর্জেন্টিনার প্লাস ৩। ফলে দুই দলের মধ্যকার আজকের লড়াইটি হয়ে উঠেছে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করবে। একই সঙ্গে গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া ও জর্ডান ড্র করলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।
তবে ম্যাচ ড্র হলেও খুব একটা চাপে পড়বে না আর্জেন্টিনা। সেক্ষেত্রে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট হবে চার। তখন শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার সুযোগ থাকবে স্কালোনির শিষ্যদের। এমনকি ওই ম্যাচে ড্র করলেও পাঁচ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।
অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে হারলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে আর্জেন্টিনার জন্য। তখন দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট থাকবে তিন, আর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও। সেক্ষেত্রে সেরা তৃতীয় দল হিসেবেও সুযোগ মিলতে পারে, তবে তা নির্ভর করবে গোল ব্যবধানসহ অন্যান্য সমীকরণের ওপর।
গ্রুপ পর্বের সমীকরণে টাইব্রেকারও বড় ভূমিকা রাখতে পারে। প্রথমে বিবেচনায় আসবে মুখোমুখি ফল, এরপর গোল ব্যবধান, গোলসংখ্যা, সামগ্রিক পারফরম্যান্স, ফেয়ার প্লে এবং সবশেষে ফিফা র্যাঙ্কিং। ফলে প্রতিটি গোলই হয়ে উঠতে পারে নকআউট ভাগ্য নির্ধারণের বড় উপাদান।
সব মিলিয়ে, অস্ট্রিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য কেবল আরেকটি গ্রুপ ম্যাচ নয়; এটি হতে পারে নকআউটের টিকিট হাতে পাওয়ার রাত, কিংবা শেষ ম্যাচের আগে সমীকরণ আরও জটিল হয়ে ওঠার সূচনা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: