বিশ্বকাপের ‘কে’ গ্রুপে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে কলম্বিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বও নিশ্চিত করেছে হামেস রদ্রিগেজের দল।
বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ। কলম্বিয়ার হয়ে লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনিওজ ছিলেন সবচেয়ে সক্রিয়। একবার মুনিওজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
প্রথমার্ধে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন অনবদ্য। হামেস, দিয়াজ, মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার একাধিক শট ঠেকিয়ে দলকে সমতায় রাখেন তিনি। অন্যদিকে, কঙ্গোও পাল্টা আক্রমণে কয়েকবার হুমকি তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।
বিরতির পর আরও আক্রমণ বাড়ায় কলম্বিয়া। লুইস দিয়াজ দুইবার বল জালে জড়ালেও একবার আক্রমণভাগে ফাউল এবং আরেকবার অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজ। তার করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।
এই জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে কলম্বিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে শেষ ষোলো। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠবে তারা। অন্যদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল।
হারলেও এখনও আশা বেঁচে আছে ডিআর কঙ্গোর। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয় স্থান কিংবা সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ পেতে পারে তারা।
গ্রুপপর্বের শেষ রাউন্ডে আগামী ২৭ জুন একই সময়ে মাঠে নামবে চার দল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে ডিআর কঙ্গো। আর মায়ামিতে গ্রুপসেরার লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে খেলবে কলম্বিয়া।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: