বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানে দাপট দেখাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার অফিসিয়াল পরিসংখ্যান বলছে, মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল স্কালোনির ফুটবল দর্শন নিখুঁতভাবে বাস্তবায়ন করছে আলবিসেলেস্তেরা।
টুর্নামেন্টে কয়েকটি ম্যাচে প্রত্যাশার তুলনায় কিছুটা কঠিন লড়াই করতে হলেও নিজেদের খেলার ধারা ও আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশেষ করে মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে কোনো ছন্দপতন দেখা যায়নি।
ফিফার তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপে তিনটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা—সর্বোচ্চ গোল, সর্বোচ্চ পাস এবং পাসের সর্বোচ্চ সফলতার হার।
কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা ও ফ্রান্স যৌথভাবে সর্বোচ্চ ১৪টি গোল করেছে। এর মধ্যে ৮টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।
পাসিংয়েও সবার চেয়ে এগিয়ে স্কালোনির দল। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা মোট ৩ হাজার ৪৪৬টি সফল পাস সম্পন্ন করেছে। এ তালিকায় ৩ হাজার ৩৮২টি পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন এবং ৩ হাজার ১২৬টি পাস নিয়ে তৃতীয় স্থানে মরক্কো।
শুধু পাসের সংখ্যাই নয়, পাসের সফলতার হারেও শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দলটির সফল পাসের হার ৯১ শতাংশ। একই হার থাকলেও মোট পাসের সংখ্যায় পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। আর ৮৯ শতাংশ সফল পাস নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মরক্কো।
ফিফার এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, আর্জেন্টিনা কেবল বলের দখলই বেশি রাখছে না, বরং সর্বোচ্চ নিখুঁততার সঙ্গে পাস আদান-প্রদান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখছে। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ গড়ে তোলাই স্কালোনির কৌশলের অন্যতম বৈশিষ্ট্য, যা চলতি বিশ্বকাপে কার্যকরভাবে বাস্তবায়ন করছে আলবিসেলেস্তেরা।
উল্লেখ্য, গোল, পাস ও পাসের সফলতার মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে আধিপত্য বিস্তারকারী চার দল হলো—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও মরক্কো।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: