[email protected] রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩

রেকর্ড গড়া ১০ গোলের লড়াইয়ে ইতিহাস লিখল ইংল্যান্ড-ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৪

সংগৃহিত ছবি

ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখা গেল এক অভূতপূর্ব গোলবন্যা। দুই দলের মিলিত ১০ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংলিশরা।

১০ গোলের এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলের ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ১৯৮২ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে দুই দল মিলে ১০টি গোল হলো।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। টানা তিন গোল করে ব্যবধান ৪-৩-এ নামিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাবর্তন সম্পূর্ণ করতে পারেনি ফরাসিরা। ইংল্যান্ড আরও দুই গোল করে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই ম্যাচটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসেও সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের ৬-৩ গোলে পশ্চিম জার্মানিকে হারানোর ম্যাচে সর্বোচ্চ ৯ গোল হয়েছিল।

এছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ইংল্যান্ডের সর্বোচ্চ ৬ গোল করার রেকর্ডেও ভাগ বসিয়েছে এই জয়। এর আগে ২০১৮ বিশ্বকাপে পানামার বিপক্ষে ৬-১ গোলের জয় পেয়েছিল ইংলিশরা।

অন্যদিকে একাধিক হতাশাজনক রেকর্ড গড়েছে ফ্রান্স। বিশ্বকাপ বা ইউরোর ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছে দলটি। প্রায় ৭০ বছর পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচের প্রথমার্ধে চার গোল খাওয়ার ঘটনা ঘটল তাদের। সবশেষ ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষেই এমন হয়েছিল।

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এক ম্যাচে ছয় গোল হজম করল ফ্রান্স। এর আগে তাদের সর্বোচ্চ পাঁচ গোল হজমের রেকর্ড ছিল ১৯৫৮ সালের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে।

এদিকে, ১৪ বছর দায়িত্বে থাকার পর বিদায়ী ম্যাচে হতাশাজনক পরিণতি হলো ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের। দ্বিতীয়ার্ধে দল লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ গোল হজমের তিক্ত রেকর্ড নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফরাসিদের।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ম্যাচ
১৯৫৪: অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড (১২ গোল)
১৯৩৮: ব্রাজিল ৬-৫ পোল্যান্ড (১১ গোল)
১৯৫৪: হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি (১১ গোল)
১৯৮২: হাঙ্গেরি ১০-১ এল সালভাদর (১১ গোল)
১৯৫৮: ফ্রান্স ৭-৩ প্যারাগুয়ে (১০ গোল)
২০২৬: ইংল্যান্ড ৬-৪ ফ্রান্স (১০ গোল)

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর