[email protected] মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩

স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখল জার্মানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬, ১০:১৫

সংগৃহিত ছবি

স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছে জার্মানি। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি।

রোববার রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও জার্মানির রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। ফলে ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন মিশেল স্ট্রুথফ। তার করা একমাত্র গোলেই শেষ পর্যন্ত স্পেনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে জার্মানি।

গোল হজমের পর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্পেন। একের পর এক আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে জার্মান রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

এই জয়ের মধ্য দিয়ে পুরুষ হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়াল চারটিতে। এর ফলে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল জার্মানি। অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠলেও প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না স্পেনের।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর