ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিমকার্ড পরিবর্তন করা হলে, অথবা ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রির আগে বাধ্যতামূলকভাবে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ, এনআইডি থেকে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটির নিবন্ধন বাতিল করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট—জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
উল্লেখ্য, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পরই এই নির্দেশনা জারি করেছে বিটিআরসি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: